রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে উত্তেজনা

নারী শিক্ষার্থীদের হেনস্তা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টার আলটিমেটাম; ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়া।
টুইট প্রতিবেদক: রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগত ও রাজনৈতিক দলের সদস্যরা প্রবেশ করে আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গেছে, ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের হেনস্তা, অশালীন আচরণ ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, নারী শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের পাশাপাশি ক্যাম্পাসের মাঠে নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে অন্য অনুষ্ঠান ও বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দিয়েছেন অধ্যক্ষ। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রেখে বিতর্কিত মন্তব্য এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগও তুলেছেন তারা।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া সাহিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের তোলা অভিযোগ সত্য নয়। একই সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বদলির আবেদন করবেন বলেও জানিয়েছেন তিনি।
এদিকে পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত থাকায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। বহিরাগতদের প্রবেশ নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন শিক্ষার্থীরা।






