কাস্টিং কাউচ নিয়ে সরব রম্যা কৃষ্ণন, টানলেন এপস্টিন প্রসঙ্গ

চলচ্চিত্রজগৎ থেকে শুরু করে সমাজের নানা ক্ষেত্রে যৌন হয়রানি ও ক্ষমতার অপব্যবহার চলছে বলে মন্তব্য করেছেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী।
টুইট প্রতিবেদক: চলচ্চিত্রজগতে কাস্টিং কাউচ ও যৌন হয়রানির ঘটনা নতুন নয়। সময়ের সঙ্গে এর ধরন বদলালেও ক্ষমতার অপব্যবহার ও শোষণের ঘটনা এখনো অব্যাহত রয়েছে। এবার এসব বিষয়ে সরব হয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রম্যা কৃষ্ণন।
বাহুবলী’ সিনেমায় রাজমাতা শিবগামীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মতে, বিনোদনজগতে ক্ষমতার অপব্যবহারের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই। কাস্টিং কাউচের নামে কুপ্রস্তাব, যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত স্পর্শের মতো ঘটনা এখনো ঘটে চলেছে।
এক সাক্ষাৎকারে রম্যা কৃষ্ণন বলেন, শুধু নারীরাই নন, পুরুষেরাও এমন পরিস্থিতির শিকার হন। তাঁর মতে, সমস্যাটি এখন আর শুধু চলচ্চিত্রশিল্পী কিংবা তারকাদের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং বিভিন্ন পেশা ও সামাজিক পরিসরেও এর বিস্তার রয়েছে।
অভিনেত্রীর ভাষায়, জোর করে, নিজের ইচ্ছায় কিংবা পরিস্থিতির চাপে, বিভিন্নভাবেই এসব ঘটনা ঘটে। চলচ্চিত্রজগৎ ঝলমলে হওয়ায় এখানকার ঘটনাগুলো বেশি আলোচনায় আসে। অথচ চলচ্চিত্রের বাইরেও অসংখ্য নারী এমন পরিস্থিতির মুখোমুখি হন।
এ প্রসঙ্গে আলোচিত এপস্টিন কেলেঙ্কারির উদাহরণও টেনেছেন রম্যা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মতো দেশেও এমন ঘটনা ঘটেছে, যেখানে নারীরা তুলনামূলক বেশি স্বাধীনতা ভোগ করেন। তারপরও তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই কোনো একটি ক্ষেত্রকে এ ধরনের সমস্যা থেকে সম্পূর্ণ মুক্ত ভাবার সুযোগ নেই।
এদিকে একই সাক্ষাৎকারে নিজের দাম্পত্যজীবন নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। পরিচালক কৃষ্ণ বংশীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছে বলে দীর্ঘদিন ধরে যে গুঞ্জন চলছিল, তা নাকচ করেছেন তিনি। রম্যা জানিয়েছেন, তাঁদের বিচ্ছেদ হয়নি। পেশাগত ব্যস্ততার কারণে দুজনকে আলাদা শহরে থাকতে হয়।






