প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে সচিবালয়ে এনসিপি নেতারা

আওয়ামী লীগের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক ঐক্য গঠনের উদ্যোগ; প্রথম দল হিসেবে আলোচনায় এনসিপি
টুইট ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংলাপে অংশ নিতে সচিবালয়ে প্রবেশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন দলটির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সহিংসতা ও নাশকতা মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এ সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারপ্রধানের সঙ্গে সংলাপে অংশ নেওয়া প্রথম রাজনৈতিক দল তারা। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধারাবাহিক আলোচনার মাধ্যমে জাতীয় পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও রাজনৈতিক ঐকমত্য তৈরির বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।






