ডিসেম্বর ঘিরে বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি

৭২ কিলোমিটার সীমান্তে দিন-রাত টহল; রাতে সার্চলাইট দিয়ে চলছে বিশেষ নজরদারি

টুইট ডেস্ক : ডিসেম্বরকে সামনে রেখে যশোরের বেনাপোলসহ ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদক কারবারসহ সীমান্তকেন্দ্রিক অপরাধ প্রতিরোধে দিন-রাত টহল এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতের বেলায় আধুনিক সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। সন্দেহজনক চলাচল শনাক্ত ও প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছেন দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা।

বিজিবির এ তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, রাতে সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানোয় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে নিরাপত্তাবোধও বাড়বে।

বিজিবি জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে টহল, গোয়েন্দা নজরদারি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবির সহকারী পরিচালক মাজেদুল রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ তৎপরতা অব্যাহত রয়েছে। দিন কিংবা গভীর রাত—বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক পাহারা চলবে।