অপরাধজগতে যেভাবে উত্থান সুইডেন আসলামের

নব্বইয়ের দশকে ঢাকার ত্রাস হিসেবে পরিচিতি; ২৭ বছর কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেপ্তার

টুইট ডেস্ক : নব্বইয়ের দশকে রাজধানী ঢাকার অপরাধজগতের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। খুন, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগে একসময় আতঙ্ক ছড়িয়েছিলেন রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও, রাজাবাজার ও শেরেবাংলা নগর এলাকায়। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালে জামিনে মুক্তি পান তিনি। এবার দেশ ছাড়ার প্রস্তুতিকালে বিমানবন্দর থেকে আবারও গ্রেপ্তার হয়েছেন আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের একাধিক মামলা রয়েছে।

কে এই সুইডেন আসলাম

সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। বাবা শেখ জিন্নাত আলী। পরিবার নিয়ে একসময় ঢাকার ইন্দিরা রোডে বসবাস করতেন তিনি। তেজগাঁও পলিটেকনিক স্কুল, বর্তমানে তেজগাঁও সরকারি বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।

নব্বইয়ের দশকে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার নাম আলোচনায় আসে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা, ছদ্মবেশে চলাফেরা এবং বুলেটপ্রুফ জ্যাকেট ব্যবহারের কারণে তাকে ঘিরে তৈরি হয়েছিল নানা রহস্য।

যেভাবে অপরাধজগতে উত্থান

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ১৯৮৬-৮৭ সালের দিকে অপরাধজগতে আসলামের উত্থান শুরু হয়। প্রথম দিকে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় তার প্রভাব বিস্তার করে। ১৯৮৭ সালে পূর্ব রাজাবাজারের নাজনীন স্কুলের ভেতরে মায়ের সামনে কিশোর শাকিলকে হত্যার অভিযোগে আলোচনায় আসেন তিনি।

নব্বইয়ের দশকের শুরুতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করত জাতীয় তরুণ পার্টির রানা গ্রুপ। ওই দলের অন্যতম সদস্য ছিলেন পিচ্চি হান্নান। এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৯৯০ সালের পর রানা গ্রুপের সঙ্গে আসলামের বিরোধ বাড়তে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটত।

১৯৯৬ সালে রানা গ্রুপের সদস্য পিচ্চি হান্নানকে নিজের দলে ভেড়ান আসলাম। একই বছর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের সুপারস্টার হোটেলের সামনে রানা হত্যাকাণ্ডে আসলাম ও হান্নানের নাম জড়ায়। অভিযোগ রয়েছে, হান্নানকে দিয়ে ওই হত্যাকাণ্ড ঘটান আসলাম।

রানা নিহত হওয়ার পর কারওয়ান বাজার, তেজতুরি বাজার, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল ও শেরেবাংলা নগর এলাকায় আসলামের প্রভাব বিস্তৃত হয়। এসব এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় তার নাম ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে।

কারাগারে থেকেও অপরাধজগত নিয়ন্ত্রণের অভিযোগ

১৯৯৭ সালের ২৩ মার্চ যুবলীগ নেতা গালিব হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসেন সুইডেন আসলাম। একই বছরের ২৬ মে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধারের তথ্যও পাওয়া যায়।

কারাগারে বন্দি থাকলেও অপরাধজগতের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতেন পিচ্চি হান্নান। কারাগারে বসেই ব্যবসায়ী, আড়তদার, পোশাক কারখানার মালিক ও জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছ থেকে চাঁদা আদায় নিয়ন্ত্রণ করতেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

এ ছাড়া মাদক চোরাচালান, অর্থের বিনিময়ে হত্যাকাণ্ড ও জমি দখলের মতো অপরাধেও তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। কারাগারের ভেতরে একাধিকবার মারামারির ঘটনায়ও আলোচনায় আসেন তিনি। তার সেল থেকে মুঠোফোন উদ্ধারের তথ্যও বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। এসব ফোনের মাধ্যমে সহযোগীদের সঙ্গে যোগাযোগ এবং মামলা সংশ্লিষ্ট বাদী ও সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ ছিল। এ কারণে বিভিন্ন সময়ে তাকে এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তর করা হয়।

যেভাবে নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’

আসলামের নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হওয়ার পেছনে রয়েছে তার ব্যক্তিগত জীবনের ঘটনা। জানা যায়, তার প্রথম স্ত্রী ইতি ছিলেন সুইডেনপ্রবাসী। বিয়ের পর আসলামও কয়েক বছর সুইডেনে অবস্থান করেন। সেই সূত্রেই পরিচিতি পান সুইডেন আসলাম নামে। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

২৭ বছর পর মুক্তি, আবারও গ্রেপ্তার

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুইডেন আসলাম। বিভিন্ন কারাগারে থাকার পর ২০১৪ সাল থেকে তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তার হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর রাতে জামিনে মুক্তি পান তিনি। মুক্তির পর দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে ছিলেন। এবার থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে প্রভাব বিস্তার করা এই ব্যক্তির পুনরায় গ্রেপ্তার হওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর পাশাপাশি সাম্প্রতিক বিদেশযাত্রার বিষয়টিও গোয়েন্দা পুলিশের তদন্তের আওতায় রয়েছে।