ইউপি নির্বাচন সামনে রেখে দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে তিন দিনের সংলাপ; প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি

টুইট ডেস্ক : আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও এ কার্যক্রম শুরু করবে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেসব দলের পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

ইসি কর্মকর্তারা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। এ সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সভা করবে কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের নির্ধারিত তারিখের প্রায় ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে। একটি ভালো নির্বাচন আয়োজনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এই চার পক্ষের সহযোগিতার ওপরই সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, চলতি মাসের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার সিদ্ধান্ত রয়েছে কমিশনের। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য পরিস্থিতি সৃষ্টি না হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে প্রথম ধাপের তফসিল ঘোষণা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা এ তফসিল ঘোষণা করবেন।

পাঁচ ধাপে ভোট ৪ হাজার ৩৩২ ইউনিয়নে

নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৫০৮টি উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়নে ভোট হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ২৭ মে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে কমিশন। নিবন্ধনের ক্রমানুসারে তিন দিনে দলগুলোকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপের মধ্য দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে কমিশনের প্রস্তুতি ও নির্বাচনি পরিবেশ নিয়ে দলগুলোর অবস্থান স্পষ্ট হওয়ার সুযোগ তৈরি হবে।