জুলাইয়ের নেতৃত্বে হামলা, গ্রেপ্তার ও শাস্তি দাবি নাহিদের

ধারাবাহিক হামলায় উদ্বেগ, নেতা ও আহত যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান।
টুইট ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বে থাকা সাবেক ছাত্রসমন্বয়কদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। নাহিদ ইসলামের অভিযোগ, পরিকল্পিতভাবে জুলাইয়ের নেতৃত্বকে লক্ষ্য করে একের পর এক হামলা চালানো হচ্ছে।
পোস্টে তিনি বলেন, এসব হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি চোরাগোপ্তা হামলা প্রতিরোধ এবং জুলাইয়ের নেতৃত্ব, শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন নাহিদ ইসলাম।
তাঁর অভিযোগ, জুলাইয়ের নেতৃত্বের ওপর একাধিক হামলার ঘটনা ঘটলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারের দায়িত্বহীনতা ও নির্লিপ্ততার কারণে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনা তুলে ধরে তিনি জানান, গত কয়েক দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম, মাহিন সরকার ও খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।
এ ছাড়া সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার অভিযোগ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ-সমন্বয়ক মুসাদ্দিক ইবনে আলী মুহাম্মদের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে পোস্টে উল্লেখ করেন নাহিদ।
এসব ঘটনাকে জুলাইয়ের নেতৃত্বের ওপর ধারাবাহিক হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
নাহিদ ইসলামের বক্তব্য, জনগণের কাছে প্রত্যাখ্যাত ও পরাজিত হওয়ার গ্লানি থেকে পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী এখনো বের হতে পারেনি। এ পরিস্থিতিতে জুলাইয়ের নেতৃত্ব ও তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।
ধারাবাহিক এসব হামলার ঘটনায় দ্রুত তদন্ত, অপরাধীদের শনাক্ত এবং বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক।






