সশস্ত্র বাহিনীতে নতুন বেতন: ধাপে ধাপে বাস্তবায়ন

সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে প্রায় ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি। জাতীয় বেতন স্কেলের আলোকে যৌথ বাহিনী নির্দেশাবলি জারি; সৈনিকের মূল বেতন ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা, বাহিনীপ্রধানদের দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ।

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের পর গত ১৫ নভেম্বর জারি হওয়া ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ অনুযায়ী সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ের সদস্যদের মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

প্রকাশিত গেজেট পর্যালোচনায় দেখা যায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বনিম্ন মূল বেতন আগের ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ।

নতুন কাঠামোয় এই বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হতে পারবে।

জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে তা ২১ হাজার ৪০০ টাকা রাখা হয়েছে। অন্যদিকে তিন বাহিনীর প্রধানদের মূল বেতন আগের ৮৬ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন আগের ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে, যা ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি। অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নিম্ন পর্যায়ের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রথম ধাপে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে ৪০ শতাংশ বাস্তবায়ন করা হলেও সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে তা ৫০ শতাংশ করা হয়েছে।

অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। চারটি নতুন ভাতাও সংযোজন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বেতন কমিশন-২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর প্রতিবেদনের ভিত্তিতে সরকারের সুপারিশ প্রণয়ন কমিটি অভিন্ন বিভাজন পদ্ধতির সুপারিশ করেছে। বিষয়টি এখনো পর্যালোচনাধীন।

সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার কাঠামো ও কমান্ড পিরামিড বেসামরিক প্রশাসনের তুলনায় ভিন্ন। পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির না হয়, সেজন্য ১৯-২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে। এর ফলে একজন সৈনিক একই পদে থেকেও ২১ হাজার ৪০০ টাকা থেকে পর্যায়ক্রমে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন।

দীর্ঘদিনের কিছু অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটির পক্ষ থেকে সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল প্রবর্তনের সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি বিদ্যমান কাঠামোর অসংগতি ও সদস্যদের দাবি পর্যালোচনা করে সমাধানের লক্ষ্যে সার্ভিস কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও কিছু মহল বৈষম্যের বিষয়টি সামনে এনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। নতুন নির্দেশনায় আগের কাঠামোর ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে।

সূত্র: যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ ও সংশ্লিষ্ট গেজেট