বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসার অনুরোধ

বারবার চিকিৎসাপ্রয়োজন এমন রোগীদের সুবিধা দিতে থাইল্যান্ডকে আহ্বান; ইতিবাচক আশ্বাস রাষ্ট্রদূতের
টুইট ডেস্ক: থাইল্যান্ডে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশি নাগরিকদের প্রতি দেশটির সহযোগিতা প্রশংসনীয়। তবে যেসব রোগীকে চিকিৎসার জন্য একাধিকবার থাইল্যান্ডে যেতে হয়, তাদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করা প্রয়োজন।
জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত জানান, যেসব রোগীর বাস্তবিক প্রয়োজন রয়েছে, তাদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের বিষয়ে থাইল্যান্ড ইতিবাচকভাবে ব্যবস্থা নেবে।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও সম্প্রসারণে থাইল্যান্ডের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
এ সময় আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের প্রচেষ্টায় থাইল্যান্ডের অব্যাহত সমর্থনের জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।
এ ছাড়া আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতা কামনা করেন তিনি। জবাবে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এ বিষয়েও দেশটির সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।






