বাসে আগুনে প্রাণ গেল হেলপারের

পিরোজপুরে দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন গণপূর্ত প্রতিমন্ত্রী, দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ।

টুইট ডেস্ক: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় ঘুমন্ত অবস্থায় পুড়ে নিহত হয়েছেন বাসের সহকারী মো. সিয়াম (২৫)। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শনিবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার নির্দেশনা দেন।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। কোনো অপরাধী যেন আইনের হাত থেকে রেহাই না পায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অগ্নিকাণ্ডের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিহত সিয়ামের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

যেভাবে ঘটে অগ্নিকাণ্ড

এর আগে গত ১৮ নভেম্বর বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাস দুটি হলো বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’।
অগ্নিসংযোগের সময় ‘বাহক’ বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন হেলপার সিয়াম। আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।

আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের এলাকার নিরাপত্তা ক্যামেরার ধারণ করা দৃশ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজন তরুণ পরিবহনকর্মীর প্রাণহানির পাশাপাশি নিরাপত্তা নিয়ে স্থানীয় পরিবহনশ্রমিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।