মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ অভিবাসী

সেলাঙ্গরে দুই ঘণ্টার সাঁড়াশি অভিযান, যাচাই করা হয় ৮৩১ জনের কাগজপত্র।

টুইট প্রতিবেদক: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে ১৫২ বাংলাদেশিসহ মোট ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে শনিবার (২১ নভেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় সময় সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা চলে এই অভিযান। এ সময় মোট ৮৩১ জন অভিবাসীর পরিচয় ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অভিযান) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

অভিযানে কর্মক্ষেত্রসংক্রান্ত বেশ কিছু অনিয়মও ধরা পড়ে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো ঘটনাও রয়েছে।

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকরাও রয়েছেন।

অভিযানে বিভিন্ন সরকারি সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন। এদিকে অনিয়মের দায়ে মালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালিয়ে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করেছিল মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

ধারাবাহিক এসব অভিযান দেশটিতে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধ কাগজপত্র, কর্মানুমতি ও নির্ধারিত কর্মক্ষেত্রের নিয়ম মেনে চলার বিষয়টি নতুন করে সামনে এনেছে।