দেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: 

মুক্তিযুদ্ধ থেকে দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা ও দেশগঠনে সেনাবাহিনীর অবদান তুলে ধরলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি।

টুইট প্রতিবেদক: দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংকট মোকাবিলা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডেও সেনাবাহিনীর অবদান রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রংপুর সেনানিবাসের মাল্টিপারপাস হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর আগে বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

মেজর জেনারেল এবিএম ফয়সাল বাতেন বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধের গতি ত্বরান্বিত করতে সম্মিলিত আক্রমণ শুরু হয়েছিল। এর ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, জাতীয় পর্যায়ের বিভিন্ন দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

আলোচনায় আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম, দায়িত্ব পালন এবং সদস্যদের আত্মত্যাগের বিষয়টিও তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া দিবস উপলক্ষে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী উপস্থিত ছিলেন।

এ ছাড়া সামরিক ও বেসামরিক প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।