চট্টগ্রামে শেষ হলো ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম জন্মমহোৎসব

দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন, আলোচনা সভা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল নেবেল-২ মাঠ
বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজারের ব্রিজঘাট এলাকায় নেবেল-২ মাঠে দুই দিনব্যাপী অনুষ্ঠিত যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ জন্মমহোৎসব শেষ হয়েছে। ধর্মীয় আলোচনা, প্রার্থনা, নামসংকীর্তন, চিকিৎসাসেবা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উৎসবটি ভক্তদের এক মিলনমেলায় পরিণত হয়।
সৎসঙ্গ বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মেরিনার্স রোডস্থ নেবেল-২ মাঠে আয়োজিত এ মহোৎসবে দুই দিনজুড়ে ছিল নানা ধর্মীয় ও সামাজিক কর্মসূচি।
ভোরের বেদ মাঙ্গলিক নহবত, উষা কীর্তন, বিনতী প্রার্থনা, নাম-জপ, ঠাকুরের অমীয় গ্রন্থাদি পাঠ, নামসংকীর্তন, চিকিৎসক সম্মেলন ও বিনামূল্যে চিকিৎসাসেবা, মাতৃ সম্মেলন, সংগীতানুষ্ঠান, ধর্মসভা, নৃত্যানুষ্ঠান এবং আনন্দবাজারে প্রসাদ বিতরণসহ নানা আয়োজন উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার। তিনি বলেন, কৃষ্টি, ধর্ম, ঐতিহ্য ও সংস্কৃতি প্রসারে আধুনিক পথিকৃৎ যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র। ধর্মের বাণী ও শান্তির প্রচার ঘটলে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং সাধুপুরুষের পরিত্রাণের পথ সুগম হয়।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ এনডিসি।
দ্বিতীয় দিনের ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সদস্য আবু সুফিয়ান এমপি। তিনি বলেন, অশান্তিময় পৃথিবীতে যুগসমস্যার সমাধানে ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শ ও নীতি অনুসরণ করা আমাদের কর্তব্য। ধর্মীয় চর্চা মানুষকে উন্নত শিখরে নিয়ে যেতে পারে।
সৎসঙ্গ বাংলাদেশের সহসভাপতি অধ্যাপক প্রদীপ কুমার দেবের সভাপতিত্বে এবং বিভাগীয় উৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন ভারতের আগরতলা থেকে আগত বিদগ্ধ আলোচক মনিময় ঘোষ।
এতে বক্তব্য দেন বাংলাদেশের প্রবীণতম ঋত্বিক রামকৃষ্ণ ভট্টাচার্য, কলকাতা থেকে আগত প্রকৌশলী দ্বিজেন্দ্র মাইতি, সৎসঙ্গ বাংলাদেশের সহসম্পাদক সুব্রত আদিত্য, নির্বাহী সদস্য সুব্রত রঞ্জন রায়, সম্পাদক অধ্যাপক শুভাশীষ দাশ রকেট, সহ-ঋত্বিক তিমির কান্তি সেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
সমাপনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, সৎসঙ্গের সঙ্গে তাঁদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তাঁর বাবা সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রামের আয়োজনে ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন।
তিনি যুগসমস্যার সমাধান ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় যুগপুরুষোত্তম পরমপ্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারায় সঞ্জীবিত হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরে ঢাকার বেতার ও টেলিভিশন শিল্পী বিজন মিস্ত্রির একক পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি, ভালোবাসা ও সম্প্রীতির আবহে দুই দিনের এ মহোৎসবের সমাপ্তি ঘটে।






