প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয়: রিজভী

তাদের মদদে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি
টুইট ডেস্ক : প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন স্তরে এখনও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এসব শক্তির মদদেই গত তিন-চার দিনের মধ্যে বিএনপির তিন নেতাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর শহরের বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের নেতারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। দেশের ভেতরেও তাঁদের অনেক অর্থ রয়েছে। সেই অর্থ ব্যবহার করে সন্ত্রাসী ও টোকাইদের দিয়ে গাড়িতে আগুন দেওয়া হচ্ছে এবং বিএনপি নেতা ও সংসদ সদস্যদের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু বিএনপি নয়, গণতান্ত্রিক আন্দোলনে অংশ নেওয়া অন্যরাও হামলার শিকার হচ্ছেন। লন্ডনে নাহিদের ওপর হামলা এবং এবি পার্টির মঞ্জুর গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও উল্লেখ করেন তিনি। এসব কর্মকাণ্ডে প্রতিবেশী দেশ থেকে মদদ দেওয়া হচ্ছে বলেও দাবি করেন রিজভী।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ডিসেম্বরে তাঁর দেশে ফেরার বিষয়ে একটি ক্ষুদে বার্তার তথ্য পত্রিকায় দেখেছেন তিনি। ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসির মোবাইল ফোনে ওই বার্তা ছিল বলে দাবি করেন রিজভী। তাঁর মতে, ভেতরে ভেতরে এখনও ফ্যাসিবাদের সহযোগীরা সক্রিয় রয়েছে।
রিজভী বলেন, শেখ হাসিনা একটি লাশের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে চান। তবে বিএনপি তাঁর মতো আচরণ করতে পারে না। দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষা করতে হবে, যাতে আর কখনও ফ্যাসিবাদের উত্থান না ঘটে। সমাজে গণতন্ত্রের চর্চা ও নিরাপত্তা বাড়লে মানুষ ও সমাজ আরও স্থিতিশীল হবে বলেও মন্তব্য করেন তিনি।
তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন স্মরণ করে রিজভী বলেন, ফ্যাসিবাদী শাসনামলের ১৭ বছরের বড় একটি সময় তিনি বেঁচে ছিলেন। হাসপাতালের বিছানায় শুয়েও আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁকে নিবৃত্ত করতে যশোরের বাড়িতে বোমাবাজি পর্যন্ত করা হয়েছিল।
তিনি বলেন, তরিকুল ইসলামের মতো রাজনৈতিক ধ্রুপদি চরিত্রকে স্মরণে রাখতে হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এবং খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা।
এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিতসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।






