ধানমন্ডিতে গ্যাস লিকেজের আগুনে মা-ছেলের মৃত্যু

টুইট ডেস্ক : রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তাঁর দেড় বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরও তিনজন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন সাবা (৩০) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আবদুর রহমান। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবার মৃত্যু হয়। আর শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মারা যায় শিশু আবদুর রহমান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁঠালবাগান এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ দুই পরিবারের মোট পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সাবার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল। অন্যদিকে, শিশু আবদুর রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। আগুনে তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনেরই মৃত্যু হয়েছে।
এ ঘটনায় দগ্ধ অপর তিনজন হলেন সানজিদা (২০), সামসুন নাহার (৫০) ও আবদুর রহমান (২৭)। তাঁদের শরীরের যথাক্রমে ৩৭, ৪০ ও ৬ শতাংশ পুড়ে গেছে। সানজিদা ও সামসুন নাহারের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।






