রুমায় দিনব্যাপী সফরে নবাগত জেলা প্রশাসক, বক্তব্যে মুগ্ধ এলাকাবাসী

শিক্ষা, জনসেবা ও মানবিক উন্নয়নে গুরুত্বারোপ; বিদ্যালয়, থানা ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন
টুইট ডেস্ক: বান্দরবান পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা রুমা উপজেলায় দিনব্যাপী দাপ্তরিক সফর করেছেন। সফরকালে বিভিন্ন দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনের পাশাপাশি স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তাঁর বক্তব্য ও জনমুখী ভাবনায় মুগ্ধ হন উপস্থিত রুমাবাসী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সফরের শুরুতে জেলা প্রশাসক চাইন্দা হ্যাডমেনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে রুমা থানা পরিদর্শন করে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।
এরপর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন জেলা প্রশাসক। সভায় উপজেলার উন্নয়ন, জনসেবা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
দুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার বিজয়ীদের হাতে জেলা প্রশাসকের পুরস্কার তুলে দেন তিনি। পরে হেডম্যান অফিস উদ্বোধন করেন এবং উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজনীন সুলতানা বলেন, “নজরুল আমাদের বিদ্রোহের, প্রেমের, মানবতার কবি। রুমার এই শিশুরা, এই শিক্ষার্থীরাই আগামী দিনের বান্দরবানকে এগিয়ে নিয়ে যাবে। শিক্ষা, সংস্কৃতি আর মানবিকতায় আমাদের সন্তানদের গড়ে তুলতে হবে। প্রশাসন আপনাদের পাশে আছে, আপনাদের সন্তানদের পাশে আছে।”
তিনি আরও বলেন, “আমি চাই রুমার প্রতিটি স্কুলে শিশুরা হাসিমুখে পড়তে আসুক, প্রতিটি পরিবার সরকারি সেবা ঠিকমতো পাক। উন্নয়ন মানে শুধু রাস্তা-ঘাট না, উন্নয়ন মানে মানুষের মনের উন্নয়ন।”
জেলা প্রশাসক বলেন, জেলার উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং জনস্বার্থ রক্ষায় প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সফরে জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনারবৃন্দ, রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, বান্দরবান জেলায় এর আগেও নারী জেলা প্রশাসক হিসেবে ইয়াছমিন পারভীন তিবরীজি ও শামীম আরা রিনি দায়িত্ব পালন করেছেন।






