ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুর্গাপুরে ১০২ জনকে প্রশিক্ষণ দিল প্রশাসন

১০২ তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ; বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের প্রস্তুতি, অনিয়ম ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার নির্দেশনা।

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১০২ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে তিনটি ব্যাচে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে নির্বাচিত ও সংরক্ষিত তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজাররা অংশ নেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ।

এর আগে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার এমএ মতিন, বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও প্রশিক্ষকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় উপকারভোগীদের সঠিক তথ্য সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই এবং মাঠপর্যায়ে কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুর্গাপুরের একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের তথ্যসংগ্রহকারী এবং সুপারভাইজারদের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়।

প্রশিক্ষণে তথ্য সংগ্রহের পদ্ধতি, মাঠপর্যায়ে দায়িত্ব পালন এবং কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে ট্যাব তুলে দেওয়া হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম. রাকিবুল ইউসুফ জানান, বর্তমান সরকারের ড্রিম প্রজেক্ট ফ্যামিলি কার্ড বাস্তবায়নের অংশ হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য তিনটি ব্যাচে মোট ১০২ জন তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ বাড়িতে ভোটার আইডি কার্ড এবং ১৮ বছরের কম বয়সীদের জন্মনিবন্ধন সনদ সংরক্ষণ করতে বলা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে সব ইউনিয়ন ও পৌরসভায় মাইকিং করে জানানো হয়েছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। তাই এ কার্যক্রমে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

তিনি বলেন, উপকারভোগী নির্বাচনে প্রকৃত তথ্য যাচাই-বাছাই করতে হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা ও পেশাদারত্ব বজায় রাখতে হবে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।