নতুন দুই বিশ্বরেকর্ড গড়ল মক্কার ক্লক টাওয়ার

সর্বোচ্চ উচ্চতায় জাদুঘর ও উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি, রেকর্ডের সংখ্যা অন্তত পাঁচ

টুইট প্রতিবেদক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের ভেতরে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি। নতুন এই অর্জনের মধ্য দিয়ে ক্লক টাওয়ারটির বিশ্বরেকর্ডের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত পাঁচটিতে।

মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন সম্প্রতি নতুন দুটি রেকর্ডের সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত। অন্যদিকে, এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের উচ্চতা ৫৬০ দশমিক ৮৭৫ মিটার।

পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম ও পুরো মক্কা নগরীর বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে উঁচু অবস্থানের কারণে দর্শনার্থীরা এখান থেকে শহরের স্থাপত্য, নগরজীবন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো দেখার সুযোগ পান।

২০১৯ সালের মে মাসে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় ক্লক টাওয়ারের জাদুঘর। টাওয়ারের সর্বোচ্চ চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে জ্যোতির্বিজ্ঞান, সময় গণনার ইতিহাস, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণ ও প্রকৌশলগত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের বিবর্তন ও ব্যবহার সম্পর্কেও জানার সুযোগ রয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জাদুঘরটির উচ্চতা অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করে নতুন স্বীকৃতি দিয়েছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, জনসাধারণের শিক্ষা ও সাংস্কৃতিক সমৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শনের স্থানকে জাদুঘর হিসেবে বিবেচনা করা হয়।

৬০১ মিটার উচ্চতার মক্কা ক্লক টাওয়ারের নির্মাণকাজ শেষ হয় ২০১২ সালে। পবিত্র মসজিদুল হারামের পাশে অবস্থিত সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এটি। সৌদি বিনলাদিন গ্রুপ কমপ্লেক্সটি নির্মাণ করে। ঘড়ির ওপরের ৭১ মিটার উচ্চতার চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চার পাশে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটির ব্যাস ৪৩ মিটার। আয়তনের দিক থেকে এগুলো লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের প্রায় ছয় গুণ। ২০১১ সালের ২৮ নভেম্বর বিশাল ঘড়ির ডায়ালের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পায় স্থাপনাটি।

নতুন দুটি স্বীকৃতির আগে ক্লক টাওয়ারের ঝুলিতে ছিল বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়ালের রেকর্ড। এবার জাদুঘর ও পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে স্থাপনাটির অবস্থান আরও সুদৃঢ় হলো।

রয়্যাল কমিশনের মতে, এসব আন্তর্জাতিক স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং স্থানীয় বাসিন্দা, হজ ও ওমরাহ পালনকারীসহ বিভিন্ন দেশের দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগকে তুলে ধরে।

একই সঙ্গে মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্য বিশ্ববাসীর কাছে পরিচিত করার পাশাপাশি আধুনিক পর্যটনসুবিধা সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে।