সুন্দরবনে মাটির নিচে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বনদস্যুদের আস্তানায় কোস্টগার্ডের অভিযান, উদ্ধার ১০টি বন্দুকসহ বিপুল গোলাবারুদ ও ওয়াকিটকি।
টুইট প্রতিবেদক: সুন্দরবনের গহিন অরণ্যে মাটির নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর পেয়ে বনদস্যুরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ড সূত্র জানায়, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ এবং উপকূলীয় এলাকার নিরাপত্তা জোরদারে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের ভেতরে একটি দস্যু দলের অস্ত্র ও গোলাবারুদ মজুতের সন্ধান পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দস্যু দলটি এসব অস্ত্র ব্যবহার করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পরে কোস্টগার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ানের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। বনের গভীরে তল্লাশি চালিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটারগান এবং চারটি একনলা বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড জানায়, অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট দস্যু দলের সদস্যরা আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
সুন্দরবনের বিস্তীর্ণ জলপথ ও দুর্গম বনাঞ্চল দীর্ঘদিন ধরে বনদস্যুদের অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে জেলে ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে দস্যুদের অস্ত্রের মজুত শনাক্ত ও নির্মূল করা জরুরি। কোস্টগার্ডের এই অভিযানকে উপকূলীয় নিরাপত্তা জোরদারের চলমান প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।






