১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা উধাও

অস্ট্রেলিয়া প্রবাসীর অর্থ ও স্বর্ণালংকার নিয়ে অন্য ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ জমিলার বিরুদ্ধে

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ১১ বছরের প্রেমের সম্পর্কের পর এক অস্ট্রেলিয়া প্রবাসীর পাঠানো প্রায় ৬০ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে জমিলা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে।

অভিযোগকারী প্রবাসীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পর গত ২৮ মার্চ ২০২৫ সালে কক্সবাজারের এক বিবাহিত ব্যক্তি মোহাম্মদ মফিজের সঙ্গে চলে যান জমিলা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১১ বছর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠান্ডাঝিরি গ্রামের কামাল হোসেনের মেয়ে জমিলা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয়। তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করায় দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা ছিল। এরপর থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

সম্পর্কের ভবিষ্যৎ বিবেচনায় জমিলাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য তার পাসপোর্ট তৈরি ও ভিসা প্রক্রিয়াও শুরু করেছিলেন বলে দাবি করেন ওই প্রবাসী।

তার অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের আশ্বাসের ভিত্তিতে বিভিন্ন সময়ে জমিলা খাতুনকে ব্যাংক হিসাব ও মুঠোফোনে আর্থিক লেনদেনের মাধ্যমে প্রায় ৬০ লাখ টাকা পাঠিয়েছেন তিনি। এসব লেনদেনের পক্ষে ব্যাংক বিবরণী, মুঠোফোনে আর্থিক লেনদেনের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র রয়েছে বলেও দাবি তার।

এ ছাড়া বিভিন্ন সময়ে জমিলার জন্য বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়েছেন বলে জানান তিনি।

প্রবাসীর দাবি, পাঠানো অর্থ দিয়ে জমিলা নিজ এলাকায় প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে একটি দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া তার এক ভাইয়ের চাকরির ব্যবস্থা এবং অন্য এক ভাইকে কারাগার থেকে মুক্ত করতে আর্থিক সহায়তাও দিয়েছেন তিনি।

অভিযোগকারী আরও জানান, তিনি বিদেশে থাকার সুযোগে জমিলা খাতুন কক্সবাজারের বাসিন্দা বিবাহিত মোহাম্মদ মফিজের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তার কাছ থেকে অর্থ নেওয়া অব্যাহত রাখার পর ২০২৫ সালের ২৮ মার্চ ওই ব্যক্তির সঙ্গে চলে যান জমিলা।

দীর্ঘ ১১ বছরের সম্পর্কের এমন পরিণতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছেন ওই প্রবাসী। তিনি জমিলা খাতুনের সন্ধান, পাঠানো অর্থ ও স্বর্ণালংকার ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এদিকে, অভিযোগের বিষয়ে জমিলা খাতুন ও মোহাম্মদ মফিজের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারী আর্থিক লেনদেনের নথিপত্র থাকার দাবি করলেও এসব তথ্যের স্বতন্ত্র যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।