গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৭, শীর্ষে ব্রিটিশ গায়িকা র‍্যে

রোজালিয়ার ৯, এলা ল্যাংলি ও মিরান্ডা ল্যামবার্টের ৭টি করে মনোনয়ন; গ্র্যামিতে ১০০তম মনোনয়নের ইতিহাস গড়লেন বিয়ন্সে।

আন্তর্জাতিক ডেস্ক: ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় সর্বাধিক ১১টি মনোনয়ন পেয়েছেন ব্রিটিশ গায়িকা ও গীতিকার র‍্যে (RAYE)।

দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্প্যানিশ সংগীতশিল্পী রোজালিয়া, যার ঝুলিতে রয়েছে ৯টি মনোনয়ন।

সোমবার (১৬ নভেম্বর) রেকর্ডিং একাডেমি আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন ঘোষণা করে।

মনোনয়নের তালিকায় র‍্যের পর রয়েছেন এলা ল্যাংলি, মিরান্ডা ল্যামবার্ট, অলিভিয়া রদ্রিগো ও ফিবি ব্রিজারস। তাঁরা প্রত্যেকে ৭টি করে মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে ব্রুনো মার্স, লিয়ন থমাস ও অলিভিয়া ডিন পেয়েছেন ৬টি করে মনোনয়ন।

এবারের গ্র্যামিতে উল্লেখযোগ্য একটি রেকর্ড গড়েছেন বিয়ন্সে। তাঁর ক্যারিয়ারে মোট মনোনয়নের সংখ্যা দাঁড়িয়েছে ১০০-তে। গ্র্যামির ইতিহাসে সর্বাধিক মনোনয়ন পাওয়া শিল্পী হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানের জন্য বেস্ট আরঅ্যান্ডবি সোলো পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছেন বিয়ন্সে।ড়

র‍্যের ১১টি মনোনয়নের মধ্যে রয়েছে রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও অ্যালবাম অব দ্য ইয়ারের মতো গুরুত্বপূর্ণ বিভাগ। এই প্রথমবারের মতো তিনটি প্রধান বিভাগেই মনোনয়ন পেলেন তিনি।

এবারের মনোনয়ন তালিকায় নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পীদেরও উপস্থিতি রয়েছে। ম্যাডোনা ও দ্য রোলিং স্টোনসও বিভিন্ন বিভাগে মনোনয়ন পেয়েছেন।

৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৭। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় আয়োজিত অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে এবিসি টেলিভিশনে। পাশাপাশি ডিজনি+ ও হুলুতে দেখা যাবে অনুষ্ঠানটি।

রেকর্ডিং একাডেমির ওয়েবসাইটে ১২টি ক্ষেত্রের ১০০টি বিভাগের পূর্ণাঙ্গ মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে।