১৫ দিনে পাহাড়ে মানবতার ছোঁয়া, শত শত মানুষ পেলেন সেনাবাহিনীর সহায়তা

বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শিক্ষাসামগ্রী প্রদান, কৃষি উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি জনপদে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত টানা ১৫ দিন রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর রিজিয়নের অধীন জোনগুলোর উদ্যোগে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব উদ্যোগে শত শত মানুষ সরাসরি উপকৃত হয়েছেন।

সেনাবাহিনীর উদ্যোগে দুর্গম এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। মেডিকেল টিমের সদস্যরা শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, পেটের সমস্যা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ ছাড়া পাহাড়ের স্কুলগামী শিশুদের মধ্যে খাতা, কলম, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। দুর্গম এলাকার অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

কৃষকদের স্বাবলম্বী করতে বিতরণ করা হয় বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ। পাশাপাশি বিভিন্ন এলাকায় রাস্তা, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও বিশুদ্ধ পানির ব্যবস্থা উন্নয়ন ও মেরামতের কাজেও সহায়তা দেওয়া হয়।

পার্বত্য চট্টগ্রামের অনেক দুর্গম এলাকায় এখনো যোগাযোগব্যবস্থা, চিকিৎসা ও শিক্ষার পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এসব মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সহায়ক ভূমিকা রাখছে। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষের জন্য সমানভাবে সেবা প্রদানের বিষয়টি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরিতে ভূমিকা রাখছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে সম্প্রীতি প্রতিষ্ঠা এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অন্যদিকে, সেবা পাওয়া স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় এসে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, শিক্ষাসামগ্রী ও কৃষি উপকরণ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন। তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

‘আমার জীবন, আমার পাহাড়—পাহাড় সবার, অধিকার সবার, উন্নয়নের সুযোগও হোক সবার জন্য’—এমন প্রত্যাশার মধ্য দিয়ে পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।