নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

লাঠি কেড়ে ভেঙে ফেলা ও গালিগালাজের অভিযোগ; নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মাওলানা সোহরাব হোসেন

টুইট ডেস্ক: বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাই মো. রব্বানী গাজীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন নানা শ্বশুর মাওলানা সোহরাব হোসেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে তিনি থানায় এ অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত রব্বানী গাজী বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তিনি অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই। রব্বানীর বাবার নাম পনু গাজী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন মাওলানা সোহরাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তাঁর হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত রব্বানী বেপরোয়া জীবনযাপন করেন এবং ঘটনার পর থেকে তাঁকে পথে-ঘাটে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। এতে বৃদ্ধ বয়সে চলাফেরায় অসুবিধায় থাকা মাওলানা সোহরাব হোসেন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। পাশাপাশি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় নিজের নিরাপত্তা ও আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয়রাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’