আগুনে নিঃস্ব পরিবারের পাশে দাঁড়ালেন তারাগঞ্জের ইউএনও

অগ্নিকাণ্ডে চার কক্ষ পুড়ে ছাই, মারা গেছে ৬ গরু ও ৪ ছাগল; শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থ সহায়তা দিল উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): এক রাতের আগুনে পুড়ে ছাই হয়েছে সাজানো সংসার। বসতঘরের চারটি কক্ষের সঙ্গে মারা গেছে ছয়টি গরু ও চারটি ছাগল। পুড়ে গেছে হাঁস-মুরগি, কবুতর ও ঘরে রাখা প্রায় ছয় মণ তামাক। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে সব হারিয়ে দিশেহারা আমজাদ হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে তারাগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনা খাবার, কম্বল ও নগদ অর্থসহায়তা তুলে দেওয়া হয়। এ ছাড়া রংপুরের জেলা প্রশাসক পরিবারটিকে দুই বান্ডিল ঢেউটিন দেওয়ার আশ্বাস দিয়েছেন।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাতে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। এতে চারটি কক্ষের আসবাবপত্রসহ সবকিছু পুড়ে যায়। গোয়ালঘরে থাকা গরু-ছাগলও আগুন থেকে রক্ষা পায়নি। চোখের সামনে পুড়ে যায় পরিবারের ঘরবাড়ি, গবাদিপশু ও জীবিকার সম্বল।

এক রাতেই সব হারিয়ে পরিবারটি এখন অনিশ্চয়তার মুখে। এমন দুর্যোগের পর উপজেলা প্রশাসনের সহায়তা কিছুটা হলেও পরিবারটির ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে।

এমন মানবিক বিপর্যয়ের মুহূর্তে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত সহায়তার হাত বাড়িয়ে দেওয়ায় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগ প্রশংসার দাবি রাখে। বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সরেজমিনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন, পরিবারের সদস্যদের খোঁজখবর নেওয়া এবং তাৎক্ষণিক খাদ্য, কম্বল ও নগদ অর্থসহায়তা প্রদান প্রশাসনের মানবিক দায়িত্ববোধ ও জনসেবামূলক ভূমিকার প্রতিফলন। পাশাপাশি জেলা প্রশাসকের ঢেউটিন দেওয়ার আশ্বাস পরিবারটির ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা আরও জোরালো করেছে।

সচেতন মহল মনে করেন, দুর্যোগে বিপন্ন মানুষের পাশে প্রশাসনের এমন আন্তরিকতা ও দ্রুত সহযোগিতা শুধু প্রশংসনীয়ই নয়, বরং জনবান্ধব প্রশাসনের উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।