নতুন দুই থানা, দুই পৌরসভার অনুমোদন

টুইট ডেস্ক: দেশের প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও জনসেবার পরিধি বাড়াতে নতুন দুটি থানা এবং দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত নিকার সভায় এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানা বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ প্রতিষ্ঠা করা হবে।

এ ছাড়া বগুড়া জেলার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বগুড়া জেলার মোকামতলা উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের অনুমোদনও দিয়েছে নিকার।

অন্যদিকে, ময়মনসিংহ জেলার নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা থানা’র নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর পূর্বনির্ধারিত মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

একইভাবে, কুমিল্লা জেলার নবগঠিত বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।

নিকার সূত্রে জানা গেছে, নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে নতুন পৌরসভা গঠন এবং প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব দেয় স্থানীয় সরকার বিভাগ।