রস ছাড়াই তৈরি হচ্ছিল খেজুরের গুড়, জরিমানা ২ লাখ টাকা

চিনি, চুন ও রাসায়নিক দিয়ে তৈরি নকল খেজুরের গুড়; দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা।
টুইট প্রতিবেদক: রাজশাহীর বাঘা উপজেলায় খেজুরের রস ছাড়াই চিনি, চুন, কৃত্রিম রং ও বিভিন্ন রাসায়নিক উপাদান মিশিয়ে তৈরি করা হচ্ছিল খেজুরের গুড়। এ ঘটনায় দুই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে মোট দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নকল গুড় ও তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে এসব অভিযান পরিচালনা করা হয়।
রোববার সকাল ৮টার দিকে পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান। এ সময় পুলিশের সহযোগিতায় তাঁর বাড়িতে গড়ে তোলা গুড় তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন সরকার দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে কারখানা স্থাপন করে চিনি, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা, আটা ও বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরি করে আসছিলেন।
অভিযানে দেখা যায়, কারখানায় খেজুরের গুড় তৈরি করা হলেও তাতে খেজুরের রস ব্যবহার করা হচ্ছিল না। পরে কারখানাটি ধ্বংস করার পাশাপাশি জব্দ করা গুড়ও নষ্ট করে দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ভেজাল গুড় তৈরির দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
খেজুরের গুড়ের নামে এ ধরনের ভেজাল পণ্য বাজারজাত করা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। বিশেষ করে শীত মৌসুমে খেজুরের গুড়ের চাহিদা বাড়ার সুযোগে অসাধু ব্যবসায়ীদের এমন কর্মকাণ্ড ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান জরুরি।






