আশুলিয়ায় অর্ধশত কারখানায় উৎপাদন বন্ধ

পাঁচ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ৪০-৫০টি কারখানা বন্ধ শ্রম আইনের ১৩(১) ধারায়।

টুইট প্রতিবেদক: ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে পাঁচটি কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।রোববার (১৫ নভেম্বর) সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকালে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকেরা কর্মবিরতি পালন করেছেন। তবে আশুলিয়া ও সাভারের অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া এআর জিন্স, নিউ এইজ ও কন্টিনেন্টালসহ অন্তত ৪০ থেকে ৪৫টি কারখানায় শ্রমিকদের সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রম চলমান রয়েছে। অধিকাংশ কারখানার শ্রমিক কাজে ফিরলেও ৪০ থেকে ৫০টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা কাজ না করার কারণে মজুরি পাবেন না।
শিল্প পুলিশ জানায়, রোববার বেলা ১১টা পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আশুলিয়া শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়, শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হবে।

ওই ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না। ফলে একদিকে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন, অন্যদিকে কারখানা বন্ধের সিদ্ধান্ত, দুইয়ের চাপে আশুলিয়ার পোশাকশিল্পে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।