শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বিদায়; স্টেডিয়াম ছাড়লেন ক্ষুব্ধ ও হতাশ সমর্থকরা।
টুইট প্রতিবেদক: জয়ের উৎসব করতে জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন প্রায় ২২ হাজার দর্শক। কিন্তু শেষ মুহূর্তের এক গোলে তাদের সেই আনন্দ রূপ নেয় ক্ষোভ আর হতাশায়। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শেষদিকে গোল হজম করায় হতাশ সমর্থকদের ক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামজুড়ে। খেলা শেষ হওয়ার পর বাংলাদেশের আলট্রাস সমর্থকগোষ্ঠী স্টেডিয়ামের বাইরে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে থাকে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলকে হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেক দর্শক।
সমর্থকদের একাংশের অভিযোগ, দল নির্বাচনে পক্ষপাত ও সিন্ডিকেটের প্রভাবের কারণে শ্রাবণ একাদশে সুযোগ পেয়েছেন। তাদের মতে, গোলরক্ষকের ভুলের পাশাপাশি রক্ষণভাগের দুর্বলতাও বাংলাদেশকে বিপদে ফেলেছে। ম্যাচে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা।
তবে পুরো ম্যাচে বাংলাদেশের লড়াই ছিল প্রশংসনীয়। ৭৬ মিনিটে পাকিস্তানের নেওয়া দুর্দান্ত ফ্রি-কিক রুখে দেন গোলরক্ষক শ্রাবণ। এরপর গোলপোস্টের কাছাকাছি পৌঁছে যাওয়া প্রতিপক্ষের আরেকটি আক্রমণ স্লাইড করে ঠেকান হামজা চৌধুরী। দীর্ঘ সময় গোলশূন্য সমতা ধরে রাখলেও শেষ পর্যন্ত রক্ষা হয়নি বাংলাদেশের।
অন্যদিকে, সমর্থকদের এমন আচরণের সমালোচনা করেছেন এক প্রবীণ দর্শক। তাঁর মতে, ফুটবলে হার-জিত থাকবেই। ফলাফলের পাশাপাশি খেলোয়াড়দের পারফরম্যান্স ও প্রচেষ্টাকেও মূল্যায়ন করা উচিত। পুরো ম্যাচে যারা দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে লড়েছেন, তাদের অপমান করা কোনোভাবেই কাম্য নয়।
ম্যাচজুড়ে জাতীয় স্টেডিয়ামে ছিল বাংলাদেশের সমর্থকদের সরব উপস্থিতি। হামজা, জায়ান ও ফারহানদের নামে স্লোগান ও কোরাসে মুখর ছিল গ্যালারি। কিন্তু শেষ মুহূর্তের গোলের পর বদলে যায় পুরো পরিবেশ। ক্ষুব্ধ সমর্থকদের একাংশ মাঠে রঙিন ধোঁয়ার শিখা নিক্ষেপ করেন। এতে কিছু সময়ের জন্য মাঠ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে খেলা বিঘ্নিত হয়।
শেষ পর্যন্ত খেলা সম্পন্ন হলেও বাংলাদেশের বিদায় এবং সমর্থকদের ক্ষোভের মধ্য দিয়ে শেষ হয় রাতের ফুটবল আয়োজন। জয় উদ্যাপনের প্রত্যাশায় আসা হাজারো দর্শককে ফিরতে হয় হতাশা নিয়ে।






