ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

কমিটি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুর; বিএনপি ও সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে হামলা।

টুইট প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় উপজেলা বিএনপির কার্যালয় এবং স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের সড়ক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তারা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার বিকেলে সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়ক বাজার এলাকায় পৌঁছালে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকটি দোকানপাটেও ভাঙচুর চালানো হয়।

সংঘর্ষের একপর্যায়ে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়ে থাকে।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পৃথকভাবে আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কমিটি গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের এমন সংঘর্ষ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি করেছে।