বাড্ডা কাঁচাবাজারে পরিচ্ছন্নতা নিশ্চিতে ডাস্টবিন প্রদান

বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় যৌথ উদ্যোগ, স্থাপন করা হয়েছে ধূমপানবিরোধী নির্দেশনাও।

টুইট প্রতিবেদক: রাজধানীর বাড্ডা কাঁচাবাজারে পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ডাস্টবিন প্রদান করেছে হেলথব্রিজ ফাউন্ডেশন অব কানাডা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট। মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির সহযোগিতায় যৌথভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্য বাড্ডা কাঁচাবাজারে আয়োজিত কার্যক্রমের মাধ্যমে ডাস্টবিন হস্তান্তর করা হয়। একই সঙ্গে বাজারে ধূমপানবিরোধী নির্দেশনাসংবলিত সাইনও প্রদান করা হয়েছে।

এ সময় বক্তারা বলেন, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরের জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য বড় ধরনের সংকট তৈরি করছে। বিশেষ করে কাঁচাবাজারে যত্রতত্র বর্জ্য ও পচনশীল উচ্ছিষ্ট ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি রোগজীবাণু ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

তারা বলেন, বাজারের বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে বাজার কমিটি, ক্রেতা, বিক্রেতা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত অংশগ্রহণ জরুরি। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সবার সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, কেবল একটি ডাস্টবিন স্থাপনের মাধ্যমে বাজারের সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব নয়। বরং ছোট ছোট উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্নতা রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। বাজার কমিটি ও বিক্রেতারা সম্মিলিতভাবে উদ্যোগী হলে ভবিষ্যতে আরও ডাস্টবিন স্থাপন এবং বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্য বাড্ডা কাঁচাবাজার কমিটির ব্যবস্থাপক মো. মাসুম রানা, ডব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক নাঈমা আকতার, প্রকল্প কর্মকর্তা মো. ইমরান মিয়া এবং যোগাযোগ কর্মকর্তা শানজিদা আক্তারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত বাস্তবায়ন করা গেলে বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।