মোহাম্মদপুরে ছিনতাই চক্রের হোতাসহ গ্রেপ্তার ৩

দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার, আলামিনের বিরুদ্ধে রয়েছে তিনটি মামলা।
টুইট প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের মূল হোতা আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্য দুজন হলেন আসলাম ও জুলহাস। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অপরাধ প্রতিরোধ বিশেষ কোম্পানির কমান্ডার হাসান মোহতারিম।
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তারা অন্যান্য ছিনতাইকারীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন।
কমান্ডার হাসান মোহতারিম আরও বলেন, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি-২। ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
পুলিশের অপরাধী তথ্য যাচাই করে দেখা গেছে, আলামিনের বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট তিনটি মামলা রয়েছে। অন্যদিকে আসলামের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।






