ইরানের বন্দরনগরী সিরিকে গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণ

হামলার দায় কার, ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য অজানা
টুইট ডেস্ক : মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে আবারও হামলার খবর পাওয়া গেছে। গভীর রাতে দফায় দফায় বিস্ফোরণে কেঁপে উঠেছে হরমুজ প্রণালির কাছে অবস্থিত হরমোজগান প্রদেশের শহরটি। তবে হামলার দায় কারা নিয়েছে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি।
শুক্রবার (১৩ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম হামলাটিকে ‘শত্রুপক্ষের’ আক্রমণ বলে উল্লেখ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, সরকারি সূত্রগুলো সিরিক শহরে সামরিক ধরনের হামলার খবর জানিয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু ও এর বিস্তারিত পরিণতি সম্পর্কে কিছু জানানো হয়নি।
এদিকে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, হরমোজগান প্রদেশের পূর্বাঞ্চলীয় সিরিক কাউন্টিতে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুরুতে বিস্ফোরণের কারণ স্পষ্ট না হলেও কয়েকটি সূত্রের ধারণা, সামুদ্রিক নিয়মকানুন লঙ্ঘনের অভিযোগে কিছু জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়ার কারণে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
অন্যদিকে, হামলার খবর প্রকাশের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।






