সাতকানিয়ায় হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-১৫-এর অভিযানে চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার; থানায় হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি:চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যা মামলার পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকানসংলগ্ন চাঁদনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতকানিয়া উপজেলার ১ নম্বর চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মৃত আসহাব উদ্দিন চৌধুরীর ছেলে নবাব চৌধুরী (৩৭) এবং খোরশেদুল আলমের ছেলে মো. আরাফাত (২৭)।

এসআরবি-১৫-এর সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, আত্মপ্রকাশের পর থেকেই অপরাধ দমন, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, পলাতক আসামি গ্রেপ্তার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে এসআরবি-১৫। সরকারের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির আলোকে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক অধিনায়কের পক্ষে এ তথ্য জানান।