প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষজ্ঞের সাক্ষাৎ

মানবাধিকার ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করার আশাবাদ।
টুইট প্রতিবেদক,:প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘদিনের আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
পাশাপাশি দুই পক্ষ বিদ্যমান সহযোগিতা সম্প্রসারণ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যাশা তুলে ধরেন তারা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সম্পর্ক এবং মানবাধিকারবিষয়ক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।






