বেশি দামে গ্যাস কিনেও দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিতে বাড়তি দামে গ্যাস আমদানি করেও গ্রাহকদের ওপর মূল্যবৃদ্ধির চাপ দেওয়া হয়নি বলে দাবি করেছেন মন্ত্রী; বায়োগ্যাস সরবরাহে নেওয়া হয়েছে নতুন প্রকল্প।
টুইট ডেস্ক:যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে গ্যাস কিনতে হলেও সরকার গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম বাড়ায়নি বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রশ্ন উত্থাপনকালে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, গ্যাস সংকটের কারণে দেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। বারবার গ্যাসের দাম বাড়ানো হলেও গ্রাহকেরা প্রয়োজনীয় সরবরাহ পাচ্ছেন না। এমনকি গ্যাস না পেয়েও তাঁদের বিল পরিশোধ করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গৃহস্থালির গ্যাস সংকট নিরসনে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না, তা জানতে চান তিনি।
জবাবে জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাসের দাম বারবার বাড়ানো হয়নি। যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। বৃহস্পতিবারও সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি পর্যায়ে সরবরাহ নিশ্চিত করতে সরকার এই গ্যাস কিনছে। তবে বাড়তি ক্রয়মূল্যের চাপ গ্রাহকদের ওপর দেওয়া হয়নি।
এলপিজির দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার সরাসরি এলপিজি আমদানি করে না। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা নেই।
বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের বিষয়ে তিনি জানান, সরকার নবায়নযোগ্য জ্বালানি নিয়ে কাজ শুরু করেছে। বায়োগ্যাস উৎপাদনেও বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্পের আওতায় উৎপাদিত গ্যাস আশপাশের এলাকায় সরবরাহের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।






