বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণের আশ্বাস আলবানিজের, নবায়নযোগ্য জ্বালানিতে ২০৩০ সালের লক্ষ্যমাত্রাও তুলে ধরলেন তারেক রহমান

টুইট ডেস্ক: আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি এবং মিয়ানমারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক জোরদার, বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যান্থনি আলবানিজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তারেক রহমানকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রীও সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া সফরের আগ্রহ প্রকাশ করেন।

আলোচনায় বাংলাদেশে অস্ট্রেলীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারেক রহমান। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কপ-৩১-এর চলমান আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়ার নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই নিহিত। তাই রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কার্যকর আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।

বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যে কাজ করছে সরকার।