এরদোয়ানের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান

কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে আন্তালিয়ায় বিশেষ আয়োজন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
টুইট প্রতিবেদক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর সহধর্মিণী এমিনে এরদোয়ানের আয়োজনে বিশ্বনেতাদের সম্মানে অনুষ্ঠিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় দেশটির আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে এ নৈশভোজের আয়োজন করা হয়।
জলবায়ু সম্মেলনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদলের সম্মানে তুরস্কের প্রেসিডেন্সির পক্ষ থেকে এ বিশেষ ভোজের আয়োজন করা হয়। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার সকালে আন্তালিয়া প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অধিবেশন ও আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের এ জলবায়ু সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী।
সফরকালে সম্মেলনস্থলে বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শনসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও তাঁর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের স্বার্থ তুলে ধরা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।






