ইশরাকের মন্তব্যে ঘুষ নিয়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

ঘুষের বিষয়ে ৫ শতাংশ ভুল করেছেন প্রতিমন্ত্রী: ইশরাক।

টুইট প্রতিবেদক: প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক বললেও ঠিকাদারের উপহার গ্রহণকে অবৈধ ও অনৈতিক বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ঠিকাদারের দেওয়া উপহারসংক্রান্ত বক্তব্যের সমালোচনা করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তাঁর মতে, প্রতিমন্ত্রীর বক্তব্যের ৯৫ শতাংশ সঠিক হলেও ঘুষ বা উপহার গ্রহণের বিষয়টিতে তিনি ৫ শতাংশ ভুল করেছেন।

বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এ প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্য পুরোপুরি শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের করের টাকায় নির্মিত উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে প্রতিমন্ত্রীর বক্তব্য যথার্থ ছিল। তবে উপহার কিংবা অন্য যে নামেই অভিহিত করা হোক না কেন, ঘুষের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। প্রতিমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত মতামত ও চর্চা হতে পারে, তবে প্রধানমন্ত্রী ও সরকার এ ধরনের বক্তব্য সমর্থন করে না। তাই গণমাধ্যমে বিষয়টি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সেখানে নবীন প্রকৌশলীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ঠিকাদার নিজের লভ্যাংশ থেকে খুশি হয়ে প্রকৌশলীকে উপহার দিলে সেটি ঘুষের মধ্যে পড়ে না। তবে কাজের গুণগত মান নষ্ট করে অর্থ সাশ্রয়ের মাধ্যমে প্রকৌশলী ও ঠিকাদারের মধ্যে অর্থ ভাগাভাগির কোনো সুযোগ নেই।

এলজিইডির চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজের মানের সঙ্গে কোনো আপস না করার নির্দেশনাও দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রকৌশলীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তবে ঠিকাদারের কাছ থেকে উপহার গ্রহণকে ঘুষের বাইরে রাখার বিষয়ে প্রতিমন্ত্রীর মন্তব্য রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরই পরিপ্রেক্ষিতে এবার নিজের অবস্থান তুলে ধরলেন ইশরাক হোসেন।