গ্যাস সিলিন্ডারের বাড়তি দাম ঠেকাতে দেশজুড়ে অভিযান

৩৮ জেলায় ৫৪টি দলের অভিযান, অনিয়মে ৯৫ প্রতিষ্ঠানকে ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা।
টুইট প্রতিবেদক: সরকার নির্ধারিত মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতেও জোর দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ঢাকা মহানগরসহ দেশের ৩৮টি জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৫৪টি দল পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি চালায়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯৫টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তর জানায়, বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি অর্থ আদায় বন্ধ করাই ছিল এ অভিযানের মূল উদ্দেশ্য।
অভিযানকালে ব্যবসাপ্রতিষ্ঠানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং ওজন ও পরিমাপে কারচুপি হচ্ছে কি না, তা যাচাই করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধে নজরদারি চালানো হয়।
গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে মজুদ পরিস্থিতি, নিরাপত্তাবিধি অনুসরণ এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি হচ্ছে কি না, তা বিশেষভাবে পরীক্ষা করা হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিক মজুদ ও সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, সঠিক ওজন নিশ্চিত করা এবং দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা টাঙিয়ে রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
জনসচেতনতা বাড়াতে অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য না কেনার পরামর্শ দিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করার পাশাপাশি সঠিক ওজন নিশ্চিত করা এবং বিক্রেতার কাছ থেকে ভাউচার সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।
পণ্য কেনার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা, পণ্যের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অভিযান চলমান থাকবে।






