৩২ বছর পর পরিবারের কাছে ফিরলেন লিলুফা

বাহরাইনে দীর্ঘ প্রবাসজীবন, কারাবাস ও মানসিক অসুস্থতা; ব্র্যাকের উদ্যোগে দুই বোনের সঙ্গে পুনর্মিলন।

টুইট প্রতিবেদক: পরিবারের মুখে হাসি ফোটাতে এবং বাবা-মায়ের একটু ভালো থাকার আশায় ৩২ বছর আগে বাহরাইনে পাড়ি জমিয়েছিলেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল গ্রামের লিলুফা বেগম। দীর্ঘ প্রবাসজীবন, পরিবারের সঙ্গে বিচ্ছিন্নতা, মানসিক অসুস্থতা ও কারাবাসের কঠিন অভিজ্ঞতা পেরিয়ে অবশেষে দেশে ফিরে স্বজনদের কাছে পৌঁছেছেন ৫৩ বছর বয়সী এই নারী।

গত ১১ নভেম্বর দেশে ফেরার পর শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে নিজের পরিবারের সদস্যদের নাম কিংবা যোগাযোগের তথ্য ঠিকমতো জানাতে পারছিলেন না তিনি। এ অবস্থায় বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের উদ্যোগে তাকে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কাছে হস্তান্তর করা হয়।

ব্র্যাকের কর্মীরা তাকে অ্যাম্বুলেন্সে করে উত্তরায় নিজেদের একটি কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পোশাক, জরুরি সামগ্রী এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়। দীর্ঘ সময় কথা বলার পর জানা যায়, তার বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলায়। পরে ব্র্যাকের কর্মীরা অনুসন্ধান চালিয়ে তার দুই বোন মাজেদা বেগম ও শামসুন্নাহারের সন্ধান পান।

রাত ১০টার দিকে দুই বোন ঢাকায় পৌঁছালে দীর্ঘদিন পর অসুস্থ বোনকে সামনে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তারা।

দালালের প্রতারণায় হারিয়েছিল উপার্জন

লিলুফার দুই বোন জানান, ১৯৯৪ সালে বাহরাইনে যাওয়ার পর প্রায় চার বছর গৃহকর্মী হিসেবে কাজ করেন তিনি। কিন্তু প্রবাসজীবনের প্রথম কয়েক বছর কোনো উপার্জনের অর্থই পাননি। পরে পরিবার জানতে পারে, বিদেশে পাঠানোর ব্যবস্থা করা দালাল তার উপার্জিত টাকা আত্মসাৎ করতেন।

একপর্যায়ে লিলুফার ছোট ভাই বাহরাইনে গিয়ে তাকে খুঁজে বের করেন। এরপর ভাইয়ের সঙ্গে বসবাস শুরু করেন তিনি। দেশে থাকা বাবা-মায়ের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন লিলুফা।

প্রায় ১৬ বছর আগে একবার ছুটিতে দেশে এসেছিলেন তিনি। পরে আবার বাহরাইনে ফিরে যান। এরপর পরিবারের সঙ্গে তার যোগাযোগ ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রায় তিন মাস আগে ভাইয়ের মেয়ের বিয়ের সময় লিলুফার বিষয়ে পরিবারের সদস্যরা খোঁজ নিলে তার ভাই জানান, মানসিক ভারসাম্য হারিয়ে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

রাস্তায় উদ্ধার, পরে কারাবাস

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, দুই বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়।

দূতাবাসের তথ্য অনুযায়ী, মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাহরাইনের পুলিশ লিলুফাকে রাস্তা থেকে উদ্ধার করে। বৈধ কাগজপত্র না থাকায় তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভ্রমণ অনুমতিপত্রের মাধ্যমে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়।

দেশে পাঠানোর আগে দূতাবাস থেকে তার ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বোনের দায়িত্ব নিতে রাজি হননি।

শরিফুল হাসান বলেন, লিলুফাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার সুচিকিৎসা নিশ্চিত করা এবং পরবর্তী সময়ে কীভাবে পাশে থাকা যায়, সে বিষয়ে ব্র্যাক কাজ করতে চায়।

তিনি আরও বলেন, মা-বাবা ও ভাই-বোনের একটু ভালো থাকার আশায় একজন মানুষ জীবনের ৩২টি বছর বিদেশে কাটিয়েছেন। অথচ এখন তার মা-বাবা বেঁচে নেই, ভাই-বোনদের সবার বিয়ে হয়েছে। জীবনের শেষ পর্যায়ে এসে মানসিক ভারসাম্য হারিয়ে তাকে বিদেশের রাস্তায় ঘুরতে হয়েছে। দেশে ফিরেও তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না। শারীরিক ও মানসিক, দুই দিক থেকেই তিনি অসুস্থ।

প্রবাসফেরত অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান

ব্র্যাকের এই কর্মকর্তা বলেন, বিদেশ থেকে অসুস্থ, বিপর্যস্ত কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় কেউ দেশে ফিরলে তার চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

এ ধরনের অসহায় প্রবাসফেরত মানুষের পাশে রাষ্ট্রসহ সমাজের সবার দাঁড়ানো উচিত। এ জন্য একটি কার্যকর ও সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

লিলুফা বেগমের ৩২ বছরের প্রবাসজীবনের এই করুণ পরিণতি শুধু একটি পরিবারের পুনর্মিলনের ঘটনা নয়; বরং প্রবাসী কর্মীদের নিরাপত্তা, মানবিক মর্যাদা, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দায়িত্বের বিষয়টিও নতুন করে সামনে এনেছে।