স্পেনে বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মাদ্রিদে আলোচনা সভা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান নেতাদের।
টুইট প্রতিবেদক: স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দলটির স্পেন শাখার সাবেক সদস্যসচিব মাহবুবুর রহমান ঝন্টু।
স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকি এবং মাদ্রিদ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম যৌথভাবে সভা পরিচালনা করেন।
আলোচনা সভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য দেন তালাত মাহমুদ উজ্জ্বল, আব্দুল মোতালেব বাবুল, ইউনুস আলী, আব্দুল আউয়াল খান, শহিদুল ইসলাম, ছানুর মিয়া ছাদ, শুক্কুর আলী, আসলাম হোসেন ও দীন মোহাম্মদ।
এ ছাড়া যুবদল নেতা শাহ আলম, মেহেদী হাসান রুদ্র, আজিজুল বেপারীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং দলীয় কার্যক্রম গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তি বাড়াতে নেতাকর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রবাসে দলের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।






