মালয়েশিয়ায় ছুটির দিনেও প্রবাসীদের বিশেষ সেবা

ছুটির দিনেও পাসপোর্ট ও কনস্যুলার কার্যক্রম পরিচালনা, ভোগান্তি কমাতে উদ্যোগ বাংলাদেশ হাইকমিশনের।
টুইট প্রতিবেদক: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও জরুরি কনস্যুলার সেবা সহজলভ্য করতে পেনাং রাজ্যে বিশেষ সেবা ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ হাইকমিশন। দুই দিনব্যাপী এ আয়োজনে চার শতাধিক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন ধরনের সেবা পেয়েছেন।
গত ৭ ও ৮ নভেম্বর পেনাংয়ের জর্জ টাউনে এ বিশেষ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ই-পাসপোর্টের তথ্য গ্রহণ, পাসপোর্ট বিতরণসহ বিভিন্ন কনস্যুলার সেবা দেওয়া হয়।
এ ছাড়া দেশে ফেরার প্রয়োজন রয়েছে—এমন কয়েকজন বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। পাশাপাশি পাসপোর্টের তথ্য সংশোধনসংক্রান্ত পত্র, পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সেবা ও পরামর্শ দেওয়া হয়।
ক্যাম্পে হাইকমিশনের কর্মকর্তারা প্রবাসী বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন থেকে বিরত থাকার পরামর্শ দেন। একই সঙ্গে মালয়েশিয়ার প্রচলিত আইন, বিধিবিধান ও স্থানীয় রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সেবা নেওয়া পেনাংসহ দূরবর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসীদের জন্য সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। বিশেষ করে কর্মব্যস্ততার কারণে অনেকের পক্ষেই নিয়মিত কর্মদিবসে সেবা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ছুটির দিনে নিজ এলাকায় বিশেষ ক্যাম্প আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাংলাদেশিরা।
প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ কনস্যুলার ক্যাম্প পরিচালনার উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ হাইকমিশন।






