বাংলাদেশ-রাশিয়া আন্তসরকারি কমিশনের পঞ্চম বৈঠকের প্রটোকল স্বাক্ষর

বাণিজ্য, জ্বালানি, কৃষি ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্তসরকারি কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠকের প্রটোকল স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, স্বাক্ষরিত প্রটোকলটি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী আইজিসির এ বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বাণিজ্য, জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, তথ্যপ্রযুক্তি এবং ব্যাংকিং খাতসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ। তাঁরা বৈঠকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি প্রটোকলে স্বাক্ষর করেন।

সূত্র: ঢাকায় রুশ দূতাবাসের এক্স অ্যাকাউন্ট।