নীলফামারীতে ১২ সমবায়ী পেলেন ১২ লাখ টাকার ঋণ

১২টি সমবায় সমিতির সদস্য পেলেন এক লাখ টাকা করে, তিনজনকে দেওয়া হলো সম্মাননা।

টুইট প্রতিবেদক: জাতীয় সমবায় দিবস উপলক্ষে নীলফামারীতে ১২টি সমবায় সমিতির সদস্যের মধ্যে মোট ১২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

সভায় বক্তারা বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তুলতে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্য সমবায় কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণ করতে হবে।

আলোচনা সভা শেষে ১২টি সমবায় সমিতির সদস্যদের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। পাশাপাশি তিনজন সদস্যের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমবায়ের মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা এবং গ্রামীণ জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।