প্রধানমন্ত্রীর বক্তব্য শোনা হলো না, সমাবেশস্থলেই মৃত্যু

গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে রংপুর থেকে ঢাকায় এসেছিলেন জামশেদ আলী; প্রবেশপথে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন।

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর আহ্বানে আয়োজিত গ্রাম পুলিশের মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় এসে আর ফেরা হলো না জামশেদ আলীর (৪৮)। সমাবেশে যোগ দেওয়ার আগমুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথেই মৃত্যু হয় তাঁর।

প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষা আর পূরণ হলো না এই গ্রাম পুলিশ সদস্যের।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশপথের কাছে এ ঘটনা ঘটে। জামশেদ আলী রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫ নম্বর লোহানীপাড়া ইউনিয়নের দফাদার ছিলেন।

পরিবারের সদস্য ও বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গ্রাম পুলিশের মহাসমাবেশে যোগ দিতে শুক্রবার (৬ নভেম্বর) বদরগঞ্জ উপজেলা থেকে ৮৪ জন সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ছিলেন দফাদার জামশেদ আলীও।

শনিবার সকালে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে অন্য সদস্যদের সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্রবেশের অপেক্ষায় ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে প্রবেশপথের কাছাকাছি পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জামশেদ আলী।

এ সময় ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বিমানবাহিনীর সদস্যরা দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন। পরে জরুরি ভিত্তিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রংপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামশেদ আলীর মরদেহ ঢাকা থেকে রংপুরে নেওয়া হচ্ছে। রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার প্রত্যাশা নিয়ে সমাবেশে যোগ দিতে আসা জামশেদ আলীর মৃত্যুতে সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।