বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

নির্জন সড়কে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত ব্যবসায়ী; উদ্ধার ছিনতাই হওয়া মুঠোফোন, বাকি মালামাল উদ্ধারে অভিযান।

টুইট প্রতিবেদক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেটের এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে (৩৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। এর আগে শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার কামাত আঙ্গারিয়া গ্রামের শরিফুল আলম সোহাগ (৩৫) ও নলেয়া গ্রামের সোহেল রানা স্বপন (৩৬)।

পুলিশ জানায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় নুর মোহাম্মদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর রাতে ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় হামলার শিকার হন নুর মোহাম্মদ। দোকানের কার্যক্রম শেষ করে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তার মাথা ও হাঁটুতে আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় তারা।

রাত গভীর হলেও নুর মোহাম্মদ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির সামনের সড়কে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি মুঠোফোন উদ্ধার হয়েছে। হামলা ও ছিনতাইয়ে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া নগদ টাকাসহ বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।