দক্ষতা বাড়াতে থাই সেনাবাহিনীর মেশিনগান প্রশিক্ষণ

এমএজি-৫৮ অস্ত্র পরিচালনা, ত্রুটি নিরসন ও খোলা-জোড়া লাগানোর অনুশীলনে অংশ নেন সেনাসদস্যরা

টুইট ডেস্ক: সেনাসদস্যদের অস্ত্র পরিচালনার দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। দেশটির ৮ম পদাতিক রেজিমেন্টের ১ম ব্যাটালিয়ন ‘ইউনিট স্কুল’ কর্মসূচির আওতায় এমএজি-৫৮ মেশিনগান বিষয়ে এ প্রশিক্ষণ পরিচালনা করে।

থাই সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে অস্ত্রটির বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক আলোচনা করা হয়। পাশাপাশি অস্ত্রে গুলি ভরা ও খালি করা, যান্ত্রিক ত্রুটি নিরসন এবং অস্ত্রের বিভিন্ন অংশ খোলা ও পুনরায় সংযোজনের বিষয়ে সেনাসদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল আগে অর্জিত জ্ঞান ঝালাই করা, অস্ত্র পরিচালনায় দক্ষতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অস্ত্রের সঙ্গে সেনাসদস্যদের পরিচিতি ও অভ্যস্ততা তৈরি করা। এর মাধ্যমে দায়িত্ব পালনের সময় আরও দক্ষতা, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

থাইল্যান্ডের লোই প্রদেশের মুয়াং জেলার শ্রী সং রাক সেনানিবাসে প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সূত্র: থাই সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ (@armypr_news)।