রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির ‘সার্বভৌমত্ব’ র‍্যালি

মিজানুর রহমান মিনুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালিতে মহানগর ও জেলা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ

রাজশাহী, ৭ নভেম্বর ২০২৬: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীতে ‘সার্বভৌমত্ব’ র‍্যালি করেছে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিকেলে নগরীর বাটার মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মালোপাড়া, সোনাদিঘির মোড় ও সাহেব বাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।

এর আগে বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ।

এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী।

এ সময় মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।