বাগমারায় পুলিশের অভিযানে ৬ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন ও মাদক সেবনের দায়ে দণ্ডপ্রাপ্ত একজন গ্রেপ্তার।

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা থানা পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন এবং মাদক সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) গ্রেপ্তারের পর তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগমারা উপজেলার সাঁকোয়া গ্রামের আহাদ আলী সরদারের ছেলে আব্দুর রউফ সরদার ওরফে বাদল। তাঁর বিরুদ্ধে বাগমারার সিনিয়র সহকারী জজ (পারিবারিক) আদালতের সি.আর মামলা নম্বর ২১২/২৬-এর গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মামলাটি পারিবারিক আদালত আইন, ২০২৩-এর ১৭(৫) ধারায় দায়ের করা হয়েছে।

এ ছাড়া দানগাছি গ্রামের ফজল উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৬৩), কাঠালবাড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন এবং গোয়ালকান্দি গ্রামের মৃত হাবের সরদারের ছেলে তাহের আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে যথাক্রমে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩, কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দায়ের করা মামলায় আব্দুল মান্নান (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বাগমারা উপজেলার গোয়ালপাড়া পূর্বপাড়া গ্রামের আঃ সামাদের ছেলে। মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ছাড়া নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন খোশেদ আলী প্রামানিক (৪৮)। তিনি উপজেলার নরদাশ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রুপাই প্রামানিকের ছেলে। তাঁর বিরুদ্ধে বাগমারা থানায় নিয়মিত মামলা রয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক মামলায় গ্রেপ্তার ছয়জনকে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।