শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান থাকছেন দস্তগীর হোসেন

আরও এক বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। আগামী ২৭ নভেম্বর থেকে নতুন চুক্তির মেয়াদ কার্যকর হবে।
টুইট প্রতিবেদক: শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২৭ নভেম্বর থেকে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১৮ ধারার (২) ও (৩) উপধারা অনুযায়ী বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনকে আগামী ২৭ নভেম্বর থেকে এক বছরের জন্য শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
তবে এ নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনের জন্য তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে আগামী এক বছরও শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন।






